বাগেরহাটে “দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
লতিফ মাস্টার ফাউন্ডেশন-এর আয়োজনে এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সহযোগিতায় জেলা পরিষদ অডিটোরিয়াম, বাগেরহাটে “বাগেরহাট সদর উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ নুরী তাসনিম উর্মী। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং প্রধান আলোচক ছিলেন বিএমইটি-এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) মোঃ আশরাফ হোসেন।
অনুষ্ঠানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোঃ ওয়ালিউল্লাহ ফাউন্ডেশনের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও মানবিক কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান আলোচক মোঃ আশরাফ হোসেন তাঁর বক্তব্যে নিরাপদ অভিবাসন সম্পর্কিত তথ্য জানতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর কার্যকর ব্যবহার তুলে ধরেন এবং সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার আহ্বান জানান। প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মোঃ ফরিদুল ইসলাম ও চেয়ারম্যান সিপিএ মোঃ রফিকুল ইসলাম (জগলু)-এর মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তরুণদের দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আহ্বান জানান।
সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শেষে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave A Comment
You must be logged in to post a comment.